মাদারগঞ্জ (জামালপুর) এরশাদ আলী)
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ধানক্ষেতের মাঝখানে থাকা একটি সেচ মেশিন ঘরের ভেতর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরপাকেরদহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বইশাগাড়ী এলাকায় ধানক্ষেতের মাঝখানে অবস্থিত একটি মেশিন ঘরের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
এলাকাবাসীর দাবি, নিহত তরুণী ঘোনাপাড়া ইউনিয়নের ছাইরদ্দীনের মেয়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তার পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
ধানক্ষেতের নির্জন স্থানে একটি মেশিন ঘরের ভেতর তরুণীর মরদেহ কীভাবে এলো—এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে, নাকি অন্য কোনোভাবে তার মৃত্যু হয়েছে—তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও প্রাথমিক তদন্ত শুরু করেন। একই সঙ্গে নিহতের পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
তবে ময়নাতদন্ত ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কোনো মন্তব্য করা যাচ্ছে না। ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
Leave a Reply