(নিজস্ব প্রতিবেদক)
মাত্র ৫ হাজার টাকা নিয়ে পারিবারিক বিরোধের জেরে আপন ছোট ভাইকে মাদক মামলায় জড়ানোর চেষ্টা করেছেন বড় ভাই—এমন অভিযোগের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রংপুরের তাজহাট থানার ফতেপুর (ভুরারঘাট) এলাকায়।
জানা গেছে, গত ১৯ জুলাই ২০২৬ তারিখে ফতেপুর (ভুরারঘাট) গ্রামের বাসিন্দা রাজু আহম্মেদ (পিতা: মিলন সরকার) নিজের ছোট ভাই ডাবলু মিয়ার বিরুদ্ধে তাজহাট থানায় মাদক-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি ছোট ভাইকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেন।
অভিযোগের পর তাজহাট থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসআই মনজুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলা এবং অভিযোগের বিভিন্ন দিক যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পাননি।
এসআই মনজুরুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে গিয়ে তদন্তে জানতে পারি, তারা আপন দুই ভাই। পারিবারিক বিরোধের জের ধরেই বড় ভাই ছোট ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।”
স্থানীয় একাধিক সূত্র জানায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও আর্থিক বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই ছোট ভাইকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে থানায় অভিযোগ করা হয়েছে বলে এলাকাবাসীর ধারণা।
এ ঘটনায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ব্যক্তিগত বা পারিবারিক বিরোধের কারণে কাউকে মিথ্যা অভিযোগে হয়রানি করার প্রবণতা বন্ধ হওয়া উচিত।
পুলিশ জানিয়েছে, তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় বিষয়টি আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে।
Leave a Reply